অনলাইনে রুশ উড়োজাহাজ প্রদর্শনী

১৩ আগষ্ট, ২০২০ ১৯:২৬  
রাশিয়ার বিমান বাহিনী দিবস উপলক্ষে দেশটির উদ্ভাবিত উড়োজাহাজের ইতিহাসের সংক্ষিপ্ত রূপ নিয়ে একটি অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র (আরসিএসসি)। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএএ) সহায়তায় আয়োজিত এই প্রদর্শনীতে দেখা মিলবে রাশিয়ার উদ্ভাবিত প্রায় ৫০টিরও বেশি উড়োজাহাজের। ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র নির্মিত প্রায় ৫ মিনিটের একটি ভিডিও চিত্রে উঠে আসবে রাশিয়া এবং উড়োজাহাজ সম্পর্কিত আরও নানা তথ্য। দেখা মিলবে বিভিন্ন আকার আর আঙ্গিকের নানা রকম প্লেনেরও। আয়োজন সম্পর্কে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে ইউএসএসআর এবং রাশিয়ার প্রয়োগকৃত সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগলো। এটা সত্যিই উড়োজাহাজ সম্পর্কিত অনেক দারুণ একটি আয়োজন।